প্রিন্ট এর তারিখঃ Nov 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 9, 2026 ইং
তিন প্রকল্পের পরও চূড়ান্ত হয়নি নতুন উদ্যোগ

সিলেটে নিরাপদ পানির তীব্র সংকট নিরসনে বর্তমানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তিনটি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান থাকলেও, কাঙ্ক্ষিত সুফল থেকে এখনো বঞ্চিত স্থানীয় বাসিন্দারা।
এই তিন প্রকল্পের অধীনে হাজার হাজার পানির উৎস ও সাবমার্সিবল পাম্প স্থাপন করা হলেও, দুই উপজেলার সুপেয় পানির ঘাটতি পুরোপুরি দূর করা সম্ভব হয়নি। সংকট মেটাতে ৮৭৪টি নতুন পানির উৎস স্থাপনের প্রস্তাবিত আরেকটি প্রকল্প এখনো পরিকল্পনা কমিশনে আটকে রয়েছে।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে সংসদকে এসব তথ্য জানানো হয়। অধিবেশনে স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খানের জায়গায় লিখিত জবাব উপস্থাপন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রতিমন্ত্রী জানান, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় আর্সেনিকমুক্ত নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে তিনটি উন্নয়ন প্রকল্পের কাজ অব্যাহত রয়েছে। এর মধ্যে, ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প’-এর অধীনে গত ছয় অর্থবছরে গোলাপগঞ্জে ১ হাজার ৬৫০টি পানির উৎস ও ১৮টি কমিউনিটিভিত্তিক পানি সরবরাহ ইউনিট এবং বিয়ানীবাজারে ১ হাজার ৫০০টি পানির উৎস ও ১৮টি কমিউনিটিভিত্তিক ইউনিট বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দকৃত ৩ হাজার ১৫০টি উৎসের মধ্যে ইতোমধ্যে গোলাপগঞ্জে ১ হাজার ৫৬২টি এবং বিয়ানীবাজারে ১ হাজার ৪২০টি পানির উৎস স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট ১৬৮টি উৎস স্থাপনের কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে।
চলমান দ্বিতীয় উদ্যোগ হিসেবে ‘মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্প’-এর অধীনে গোলাপগঞ্জে পাইপলাইনের সাহায্যে পানি সরবরাহের ৩৮টি ক্ষুদ্র স্কিম এবং বিয়ানীবাজারে একটি বড় স্কিমসহ ৩৮টি ক্ষুদ্র স্কিম স্থাপনের কাজ এগিয়ে চলছে।
এ ছাড়া, সাম্প্রতিক বন্যার ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে ‘বন্যায় ক্ষতিগ্রস্ত পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার পুনর্নির্মাণে জরুরি সহায়তা প্রকল্প’-এর আওতায় গোলাপগঞ্জে ১৮০টি সাবমার্সিবল পাম্পযুক্ত ও ৪০টি সাধারণ গভীর নলকূপ এবং বিয়ানীবাজারে ২০০টি সাবমার্সিবল পাম্পযুক্ত ও ৫০টি সাধারণ গভীর নলকূপ বরাদ্দ দেওয়া হয়েছে।
চলমান এসব প্রকল্পের পাশাপাশি, এলাকার সুপেয় পানির ঘাটতি পুরোপুরি দূর করতে নতুন আরেকটি বৃহৎ প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছে সরকার। ৩৫৪ কোটি ৪৭ লাখ ১৬ হাজার ৭০০ টাকা প্রাক্কলিত ব্যয়ে ‘অগ্রাধিকারমূলক গ্রামীণ পানি সরবরাহ প্রকল্প’ নামক নতুন এই প্রস্তাবনাটি বর্তমানে পরিকল্পনা কমিশনে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আগামী ২০২৬ সালের নভেম্বর থেকে ২০২৯ সালের জুন মেয়াদে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত এই নতুন প্রকল্পের অধীনে, গোলাপগঞ্জে ৪৫৮টি এবং বিয়ানীবাজারে ৪১৬টিসহ মোট ৮৭৪টি নতুন পানির উৎস স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তবে চলমান প্রকল্পগুলোর অধীনে এ পর্যন্ত কতগুলো পানির উৎস বাস্তবে পুরোপুরি কার্যকর রয়েছে, কতগুলোর পানি সম্পূর্ণ আর্সেনিক ও আয়রনমুক্ত নিশ্চিত করা গেছে এবং ঠিক কতজন মানুষ বর্তমানে এর সুফল পাচ্ছেন—সে সংক্রান্ত নির্দিষ্ট কোনো পরিসংখ্যান সংসদে উত্থাপিত লিখিত জবাবে উল্লেখ করা হয়নি।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।